
মোঃ এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বলেন, লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাঙালি জাতির গর্ব ও অহংকার। শহীদদের এই আত্মত্যাগ কোনোদিন ভুলে যাওয়ার নয় এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে।
পরে শহীদদের স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে পুলিশ সুপার মহোদয় সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা, সিআইডির পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ।
দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।






















