
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে রিকশা চালকদের ভূমিকা স্মরণে ময়মনসিংহের ফুলপুরে রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় ৩০টি ব্যাটারি চালিত রিকশা নিয়ে মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। তিনি বলেন, “আমরা এই মিছিলের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং রিকশা চালকদের অসীম অবদান স্মরণ করছি।” এ সময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই মিছিলের মাধ্যমে রিকশা চালকরা জানান, তারা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তাদের সম্মান প্রতিষ্ঠার জন্য এই ধরনের উদ্যোগে সবাইকে সচেতন করার আহ্বান জানান।






















