
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
“তোমরাই হবে আগামীর বাংলাদেশ। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো, মেধা ও সততার সাথে নিজেকে প্রস্তুত করো—দেশ ও জাতির ভবিষ্যৎ তোমাদের হাতেই।”
এই কথাগুলো বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট মহিলা ডিগ্রী কলেজ ও শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন,
“আজকের তরুণরাই আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। তোমরা যদি সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠো, তাহলে দেশের অন্ধকার কেটে যাবে। তোমাদেরকে নিয়েই আমাদের স্বপ্ন। শিক্ষাজীবনকে গুরুত্ব দাও, নেশা ও হিংসা থেকে দূরে থাকো। পরীক্ষা জীবনের একটি ধাপ, কিন্তু লক্ষ্য হওয়া উচিত একজন ভালো মানুষ হওয়া।”
তিনি উপস্থিত শিক্ষার্থীদের হাতে কলম, পেনসিল, রাবার, স্কেল, শার্পনার ও স্বচ্ছ ফাইলসহ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন এবং প্রত্যেকের মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট মহিলা ডিগ্রী কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্যারিস্টার খালেদ ইকবাল নিটোল, অধ্যক্ষ স্নিগ্ধা হালদার, হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন সূত্রধরসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
পরে হালুয়াঘাটের কৈচাপুর ও জুগলি ইউনিয়নের নবগঠিত বিএনপি আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ প্রিন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি ইউনিয়ন বিএনপির নতুন নেতাদের উদ্দেশ্যে বলেন,
“দল পুনর্গঠন ও তৃণমূলকে শক্তিশালী করাই এখন সবচেয়ে বড় কাজ। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই—সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, আর তা নিশ্চিত করতে হলে ইউনিয়ন থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে।”
সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সফরজুড়ে তার সঙ্গে ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, কৈচাপুর ও জুগলি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্যসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সফরের মধ্য দিয়ে একদিকে তরুণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মানবিক বার্তা দেওয়া হলো, অন্যদিকে সংগঠনের ভিতকে মজবুত করার রাজনৈতিক পদক্ষেপও গ্রহণ করলেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
মোঃ আব্দুল হক লিটন
হালুয়াঘাট ময়মনসিংহ প্রতিনিধি
০১৭১৪৫৮১৮৮২


















