
মোঃ আব্দুল হক লিটনঃ
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হয়েছে আবেগঘন “গণ দোয়া” মাহফিল। শনিবার বিকেলে ধারা বাজার ইব্রাহীম মার্কেটে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে হাজারো মানুষ অংশ নেন। দল–মত–ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের ঢল দেখিয়ে দেয়—প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দেশজুড়ে সৃষ্টি হয়েছে এক অনন্য মানবিক ঐক্য।
গণ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “সারা দেশ আজ একই কণ্ঠে, একই হৃদয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে। আল্লাহ নিশ্চয়ই সকলের দোয়ায় তাকে দ্রুত সুস্থতা দান করবেন।” তিনি বলেন, খালেদা জিয়া আজ জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে দেশজুড়ে মানুষের সমবেত অনুভূতি প্রমাণ করে—তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং জাতির হৃদয়ের অংশ।
বক্তব্যে প্রিন্স অতীতের রাজনৈতিক প্রতিহিংসার ঘটনাগুলো তুলে ধরে বলেন, “দেশনেত্রীকে যে অমানবিক নির্যাতনের শিকার করা হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে লজ্জাজনক অধ্যায়। তার বয়স, শারীরিক অবস্থা বিবেচনা না করেই মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছিল, চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছিল।” তিনি আরও বলেন, “যিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশনেত্রীকে দমন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তিনিই গণঅভ্যুত্থানে জনরোষের মুখে দেশত্যাগে বাধ্য হন। জনগণের শক্তি কখনো অন্যায়কে টিকতে দেয় না।”
তার বক্তব্যে আরও শোনা যায় কঠোর উচ্চারণ—“পাপ কখনও কাউকে ছাড়ে না। অন্যায়, জুলুম, নিপীড়ন কখনো স্থায়ী হয়নি, হবেও না। দেশনেত্রীর প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে, আল্লাহ তার ন্যায় বিচার অবশ্যই করবেন।”
গণ দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ স্থানীয় নেতারা। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর সঞ্চালনা করেন। দোয়া পরিচালনা করেন ধারা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাদ্দাম হোসেন।
দোয়া মাহফিলে নারী-পুরুষ, তরুণ, বয়োজ্যেষ্ঠ, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুনাজাতের সময় অনেককে আবেগে কাঁদতে দেখা যায়। সবাই একসুরে প্রার্থনা করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসেন।


















