
মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় নিতাই নদীর তীরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন, সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়সহ ভারতীয় মাদক ও অন্যান্য পণ্য পাচারের বিরুদ্ধে ব্যাপক চিরুনী অভিযান শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হোসেন।
অভিযানকালে উপজেলার বল্লভপুর, রায়পুর, ভালুকাপাড়া, কালিকাবাড়ি ঘাট, কামাখ্যা মন্দির এলাকাসহ একাধিক স্থানে প্রশাসনের কড়াকড়ি নজরদারি চালানো হয়। এসব এলাকায় দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের নামে একটি প্রভাবশালী মহল অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। সেই সঙ্গে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারতীয় মাদক ও পণ্য পাচারও ছিলো নিয়মিত ঘটনা।
উপজেলায় যোগদানের পর থেকেই নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন আইনশৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় অবিচল থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর দৃঢ় পদক্ষেপে অবৈধ বালু ব্যবসায়ী ও চোরাকারবারিরা ধীরে ধীরে ছত্রভঙ্গ হয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন, এর আগে প্রকাশ্যে নদী দখল করে বালু তোলা হতো, পাচারকারীরা দিনের আলোয় অবাধে কার্যক্রম চালাতো। এখন প্রশাসনের কঠোর অবস্থানে তা অনেকাংশেই বন্ধ হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, “জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ব্যবসায়ী কিংবা চোরাকারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
এই অভিযানে ধোবাউড়া থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহায়তা করেছে। প্রশাসনের এ কার্যক্রমে উপজেলাবাসী ব্যাপক স্বস্তি ও নিরাপত্তাবোধ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, অবৈধ কর্মকাণ্ড নির্মূলে এই অভিযান আরও জোরদারভাবে চলতে থাকবে।
Bijoy71 TV Bijoy71 TV