স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের একজন সাবেক নেতা ও যুবলীগের একজন সক্রিয় আহ্বায়ককে। রোববার (৬ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে ধোবাউড়া থানার পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান এবং ধোবাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান আকন্দ সাগর।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার জানান, “আদালতে হাজিরা না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতে আমরা আইনানুগভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করি এবং পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই নেতা বেশ কিছুদিন ধরে এলাকায় অবস্থান করছিলেন না। তবে সম্প্রতি তারা এলাকায় আসলে পুলিশ নজরদারি শুরু করে। অবশেষে আদালতের নির্দেশ কার্যকর করতে গিয়ে রবিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া দুই নেতার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কয়েকটি মামলায় হাজিরা না দেওয়ার কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ এই গ্রেপ্তারকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন।
এ ঘটনায় ধোবাউড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, এটি আইনগত প্রক্রিয়ার অংশ, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে।
উল্লেখ্য, আসাদুজ্জামান আকন্দ সাগর এক সময় যুবলীগের নেতৃত্বে সক্রিয় ছিলেন এবং জেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন। অপরদিকে অধ্যাপক আব্দুল হান্নান ধোবাউড়ায় আওয়ামী লীগের একজন পরিচিত মুখ, যিনি দীর্ঘদিন দলে দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন।
Bijoy71TV Bijoy71TV