ফুলপুরে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করতে ময়মনসিংহের ফুলপুরে ৩৩ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিলের আওতায় গৃহীত প্রকল্পের অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করেন।

উপকারভোগীরা ফুলপুর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাসিন্দা। এতে করে পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিলের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে প্রায় ২ হাজার ২০০টি আবেদন জমা পড়ে। চাহিদার তুলনায় প্রাপ্ত সেলাই মেশিন কম থাকায় স্বচ্ছতা বজায় রাখতে পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন থেকে লটারির মাধ্যমে আটজন করে মোট ৮৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এর মধ্য থেকে প্রাথমিক তালিকার প্রথম তিনজনসহ মোট ৩৩ জনকে নির্বাচন করা হয়। বাকি পাঁচজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

এরপর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্র‍্যাক্টিক্যাল পরীক্ষা গ্রহণের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় আমরা লটারি ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে উপকারভোগী নির্বাচন করেছি। আমাদের লক্ষ্য—দুঃস্থ, অসহায় ও গ্রামীণ নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।”

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং থাকবে। মানবিক সহায়তা প্রদানে আমরা সদা প্রস্তুত। নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরাও নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, এখন তারা বাড়িতে বসেই আয় করতে পারবেন। সংসারে কিছুটা হলেও সহায়তা করতে পারবে এটাই তাদের জন্য অনেক বড় স্বস্তির বিষয়।

স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *