
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে পরকীয়ার প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই ও তার পিতা। মানবিকতা ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের নাম ইকবাল হোসেন (২৭)। তিনি স্থানীয়ভাবে পরিচিত “ডাক্তারবাড়ি” খ্যাত বাবুল মিয়ার ছেলে।
শনিবার রাত ৮টার দিকে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাই সাদ্দাম (৩০) ও তার পিতা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ইকবালের বুকের ডান পাশে আঘাত করে ফেলে রেখে যায় রক্তাক্ত অবস্থায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইকবালের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহতের ছোট ভাই গণমাধ্যমকে বলেন,
“ইকবাল দীর্ঘদিন ধরে চাচীর পরকীয়ার প্রতিবাদ করে আসছিলেন। আর সেই প্রতিবাদের কারণেই আজ তাকে প্রাণ দিতে হলো। এটি নিছক পারিবারিক বিরোধ নয়—এটি পূর্বপরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ড।”
খবর পেয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।
তিনি জানান, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর পুরো এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের মুখে একটাই প্রশ্ন—
“চাচীর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করাই কি আজ মৃত্যুর কারণ?”






















