
তপু রায়হান রাব্বি (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার গোলচত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—পৌরসভার উভয়গ্রাম কাজীয়াকান্দা গ্রামের শাজাহানের ছেলে রাসেল মিয়া (৩৬) এবং মকবুল হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোলচত্বর এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে পূর্বের অপরাধের তথ্য যাচাই করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। পুলিশ জানায়, রাসেল মিয়ার বিরুদ্ধে ফুলপুর থানায় ৮টি এবং শেরপুর জেলার নকলা থানায় ১টি মাদক মামলা রয়েছে। অপরদিকে সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে ফুলপুর থানায় ১টি হত্যা মামলা, ৬টি মাদক মামলা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ১টি মাদক মামলা রয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
Bijoy71 TV Bijoy71 TV