
মোঃ বাবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতাউল আলমের দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চুরির চেষ্টাকালে তিন সদস্যের একটি চোরচক্রকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৩ জুলাই) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকায় রানার মটরস প্রাইভেট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে তিন ব্যক্তি কারখানার ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির চেষ্টা করছিল। তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে হাতেনাতে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে ভালুকা মডেল থানা পুলিশের হাতে তুলে দেন।
আটককৃতরা নিজেদের দিনাজপুর জেলার বাসিন্দা এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী বলে দাবি করেছে, যারা পূর্বে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিদ্যুৎ সংযোগ প্রকল্পে কাজ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, পূর্বেও রানার মটরসের কারখানায় প্রবেশ করে চুরির চেষ্টা করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ূন কবির বলেন, “চুরির চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। জড়িত অন্যদের সনাক্তে অভিযান চলছে।”
এদিকে, একের পর এক চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, “শিল্পপ্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীন হলে শ্রমিক ও বিনিয়োগকারীদের মাঝে ভীতির পরিবেশ তৈরি হয়। দ্রুত চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানাই।”
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক চক্রের সঙ্গে পেশাদার চোরচক্রের যোগসাজশ থাকতে পারে। রানার মটরস কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের পাশাপাশি চক্রটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।






















