মোঃ আব্দুল হক লিটন ঃ
ময়মনসিংহে র্যাব-১৪’র পৃথক তিনটি অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, হত্যা চেষ্টা মামলার আসামি ও গণধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ১৪ সেপ্টেম্বর জেলার কোতোয়ালী ও ঈশ্বরগঞ্জ এলাকায় এবং ঢাকার গুলশান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান জানান, প্রথম অভিযানে সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে র্যাবের হাতে ধরা পড়ে সে।
দ্বিতীয় অভিযানে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের আরেকটি দল হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামিকে আটক করে। গত ২০ আগস্ট রাতে ঈশ্বরগঞ্জ থানাধীন মাঝিয়াকান্দি এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত ১৫ বছরের এক কিশোরীকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তৃতীয় অভিযানে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত গণধর্ষণ মামলার এক আসামিকে ঢাকার গুলশান থানাধীন কালা চাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এক গার্মেন্টস কর্মীকে বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে গত ১ সেপ্টেম্বর রাতে একাধিক আসামি পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামিদের একজন ঘটনার পর থেকেই পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ র্যাব-১ উত্তরা, ঢাকার সহযোগিতায় ওই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তিন আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Bijoy71TV Bijoy71TV