
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার মোহনগঞ্জে লেকপাড়ে গাঁজাসেবনের আসর বসিয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল চার যুবক। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ধরা পড়েন তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
গত ৭ জুলাই (সোমবার) সন্ধ্যায়। মোহনগঞ্জ থানাধীন শিয়ালজানি ব্রিজ থেকে দেওথান ব্রিজ পর্যন্ত লেকপাড় এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ। সঙ্গে ছিলেন সঙ্গীয় অফিসার ও ফোর্স।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মাদক সেবনের গোপন খবর পেয়ে তারা ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়। দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে সেবনের উদ্দেশ্যে রাখা বিভিন্ন পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আসামিদের স্বীকারোক্তি ও উপস্থিত সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে আদালত চারজনকে দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার ইকরামুল হোসেন (২৮) ও রহমত উল্লাহ, টেংগাপাড়ার গোলাম রনি (২৭) এবং বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামের নুর মোহাম্মদ (২৫)। তাদের মধ্যে ইকরামুল ও নুর মোহাম্মদকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলাম রনি ও রহমত উল্লাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে সাজাপ্রাপ্তদের প্রয়োজনীয় পুলিশ প্রহরায় নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদক বিরোধী অভিযানে আমাদের অবস্থান কঠোর। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
এদিকে স্থানীয়রা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, লেকপাড় এলাকায় সন্ধ্যার পর মাদকের আসর ছিল প্রকাশ্যে। এই অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
Bijoy71 TV Bijoy71 TV