সরকারি রাস্তায় পুকুর খনন: ফুলপুরে ৫০ হাজার টাকা জরিমানা, কঠোর হুঁশিয়ারি ইউএনওর

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে সরকারি রাস্তার জায়গা ব্যবহার করে পুকুর খননের অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

রবিবার (১৪ জুলাই) বালিয়া ইউনিয়নের এক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে ইউএনওর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, স্থানীয় ইউপি প্রশাসক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, সম্প্রতি ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি হালট বা আইডিভুক্ত রাস্তার একেবারে গা ঘেঁষে পুকুর খনন করে তা মাছ চাষের কাজে ব্যবহারের প্রবণতা বাড়ছে। এতে রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। অথচ এমন কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় ও ফৌজদারি অপরাধের শামিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, “সরকারি রাস্তায় বা হালটে কেউ পুকুর খনন করে রাস্তা দখল করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। যারা ইতোমধ্যে এমন কাজ করেছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে ফুলপুর উপজেলার যেকোনো ইউনিয়নে এ ধরনের অবৈধ কার্যক্রম দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইউএনও সবাইকে সতর্ক করে বলেন, পুকুর খনন বা ভূমির শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে এবং রাস্তা থেকে অন্তত ১০ ফুট দূরত্ব বজায় রেখে খনন করতে হবে। জনসাধারণকে এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *