
মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহের সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩৯ ব্যাটালিয়ন বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাতভর হালুয়াঘাট ও শেরপুর সীমান্তে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, এবং বিভিন্ন কসমেটিক্স জব্দ করা হয়েছে।
এই অভিযানে আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৭৬ হাজার টাকার বেশি। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ফেন্সিডিল, জনসন বেবি শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ ও নেভিয়া সফট ক্রিম।
৩৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ মেহেদী হাসান, পিপিএম সাংবাদিকদের জানান, চোরাকারবারীরা নতুন অভিনব কৌশল ব্যবহার করে সীমান্ত পেরিয়ে পণ্য আনার চেষ্টা করছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য আটক করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি ২৪ ঘণ্টা সীমান্ত পাহারায় নিয়োজিত আছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবির এই কঠোর অবস্থান সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয়রা জানান, বিজিবির নিয়মিত টহল ও অভিযানে এলাকার মানুষকে নিরাপত্তা দিচ্ছেন এবং চোরাচালানকারীদের দমন করছেন।






















