স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম শেখ ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবলপ্রেমী মাহিম বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাড়ির উঠানে একটি আমগাছে কাঁচা বাঁশের সাহায্যে ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল। পরে বাতাসে বাঁশটি হেলে পড়লে শুক্রবার বিকেলে সে গাছে উঠে সেটি পুনরায় সোজা করার চেষ্টা করে।
এক পর্যায়ে বাঁশটি পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে মাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Bijoy71TV Bijoy71TV