
মোঃ আব্দুল হক লিটনঃ
বিএনপি মনোনীত ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের প্রার্থী ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের দ্বিতীয় কারাবন্দী দিবস উপলক্ষে হালুয়াঘাট ও ধোবাউড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“কারারুদ্ধের পরও যাঁকে দমাতে পারেনি ফ্যাসিস্ট সরকার” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক এ.কে.এম. এনায়েত উল্লাহ কালাম, যিনি প্রিন্সের সংগ্রাম ও অদম্য মনোবলকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, “দমননীতি বা কারাগার দ্বারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা যায় না। জনগণ প্রিন্সের প্রতি আস্থা ও সমর্থন বজায় রাখছে।
বিশেষ অতিথি ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ আসলাম মিয়া বাবুল, যিনি “প্রিন্সের নেতৃত্বে হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষ নতুন উদ্যমে ঐক্যবদ্ধ। দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
হালুয়াঘাট পৌর আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ আবু হাসনাত বদরুল কবীর সঞ্চালনায় জয়িতা মহিলা মার্কেটের সামনে কারাবন্দী দিবস উপলক্ষে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত প্রিন্সকে ঘিরে হালুয়াঘাট ও ধোবাউড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষও তাঁর প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করছেন।
মদিনা থেকে পাঠানো ভিডিও বার্তায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স জনগণের উদ্দেশে বলেন, “অন্যায়ের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমার শেষ নিশ্বাস পর্যন্ত চলবে। দেশের উন্নয়নের জন্য জনগণের সঙ্গে আমি সবসময় রয়েছি।”
বক্তারা আশা প্রকাশ করেন, প্রিন্সের নেতৃত্বে হালুয়াঘাট ও ধোবাউড়া বিএনপি নতুন উদ্যমে সংগঠিত হয়ে আগামী নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






















