
মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইজবাগ গুরুস্তান এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাহিদ (১৮) এবং পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ইজিবাইক ঈশ্বরগঞ্জের মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গুরুস্তান এলাকায় এসে ইজিবাইকটি ইউটার্ন নেওয়ার সময় নান্দাইল দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও মোটরসাইকেলের যাত্রীরা সড়কে ছিটকে পড়ে।
সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জাহিদ এবং ইজিবাইকের যাত্রী হাজির উদ্দিন নিহত হন। আহত ইজিবাইকের আরও তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















