মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ডুহিখালী ব্রিজ থেকে মাঝিয়াইল গ্রাম পর্যন্ত পিডিবির মাধ্যমে নির্মিত ১ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
নতুন এ বিদ্যুৎ সংযোগের ফলে মাঝিয়াইল গ্রামের তিন শতাধিক বাড়ি, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ও কৃষি সেচ কার্যক্রম বিদ্যুতের আওতায় এসেছে।
তিনি ২০০ কেভি ট্রান্সফরমারের সুইচে চাপ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ চালু করেন। এ সময় দীর্ঘদিনের প্রত্যাশিত বিদ্যুৎ সুবিধা পেয়ে এলাকাবাসীর মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা এ উদ্যোগকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্বোধন শেষে মাঝিয়াইল গ্রামের তালতলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। শহর ও গ্রামের বৈষম্য দূর করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার মাধ্যমে শুধু একটি গ্রাম নয়, শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত গ্রামীণ জনপদগুলোকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। রাস্তা, সেতু, খাল পুনঃখনন, কৃষি উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে।
সমাবেশে রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যখন জনকল্যাণে নিরলসভাবে কাজ করছে, তখন একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকার মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার ইতোমধ্যে আসামিদের গ্রেফতার করেছে এবং দ্রুত বিচারের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়। দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি ধৈর্য ধারণ করছে। তবে বিএনপির উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। জনগণ আর অস্থিরতা চায় না, তারা উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে।
অনুষ্ঠানে ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপি নেতা আনোয়ার হোসেন সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফকর উদ্দিন, তানভির আহমেদ বুলবুল, সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, মোশাররফ হোসেন, বিএনপি নেতা মোতালেব হোসেন, আকিকুল ইসলাম, চান মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Bijoy71TV Bijoy71TV