তোমরা প্রত্যেকেই এক একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম — ইউএনও সীমা

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক সচেতনতা তৈরির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহাসিক পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বুধবার (৬ আগস্ট) সকালে পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা প্রত্যেকেই এক একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম। তোমাদের মধ্যে লুকিয়ে আছে অসীম মেধা ও সৃজনশীলতা। এই মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তোমরা একদিন দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল করলেই চলবে না, শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলী, নৈতিকতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, সময়ের সদ্ব্যবহার ও লক্ষ্যভিত্তিক পরিশ্রমের মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। অন্যের দুঃখে এগিয়ে আসা, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করাই মানবিকতার প্রকৃত রূপ। তোমাদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আমার শুভকামনা রইল।”

See also  ফুলবাড়িয়ায় মিথ্যা মামলার আতঙ্কে অসহায় এক পরিবার

পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এবং শ্রেণিকক্ষে গিয়ে বক্তব্য রাখেন নারীর অধিকার, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, কিশোর গ্যাং, গণমাধ্যম, ফেসবুক ও ইন্টারনেটের সুফল-কুফল নিয়ে। তার এই বক্তব্য শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ূব আলী, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান (সঞ্চালক), বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সানোয়ার হোসেন খান, সদস্য জুয়েল মিয়া, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, স্থানীয় ওয়ার্ড মেম্বার, ‘তাকওয়া অসহায় সেবা সংস্থা’র প্রতিষ্ঠাতা পরিচালক, সংবাদকর্মী তপু রায়হান রাব্বি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

See also  রক্তাক্ত শুক্রবার, ফুলপুর-তারাকান্দায় মহাসড়কে একদিনেই নিভে গেল ৮ প্রাণ

পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সময়ের যথাযথ ব্যবহারের বার্তা ছড়িয়ে দেন অতিথিরা।

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with