
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরে বিষ ঢেলে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার ৮ নম্বর নড়াইল ইউনিয়নের গোপিনগর গ্রামের বাহাদুর ওরফে বাহার উদ্দিন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে সাতজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে গোপিনগর গ্রামে বাদীর বসতবাড়ির উত্তর-পূর্ব পাশে থাকা পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। বাহাদুর বাহার উদ্দিনের অভিযোগ, সকালে হাঁটতে হাঁটতে পুকুরের কাছে গিয়ে তিনি দেখতে পান, উমর ফারুক, হালিম উদ্দিন ও আক্কাছ আলী পুকুরে বিষ প্রয়োগ করছেন। বিষয়টি দেখে তিনি ডাক-চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বাদীর দাবি, বিষ প্রয়োগের কিছু সময় পর পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে। এতে তার প্রায় ৫ লাখ টাকার মাছ মারা গেছে। এ ঘটনায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
লিখিত অভিযোগে বাহাদুর বাহার উদ্দিন আরও বলেন, মাছ বিক্রির পাওনা টাকা নিয়ে স্থানীয় ছাবেদ আলীর সঙ্গে উমর ফারুকের বিরোধ চলছিল। গত ২৫ আগস্ট গোপিনগর গ্রামের একটি মুদিদোকানের পাশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে ঝগড়া-মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই বিবাদীরা পরস্পর যোগসাজশে ক্ষতি করার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম বলেন,অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে উল্লেখিত অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।.
Bijoy71 TV Bijoy71 TV