
তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের গঠনমূলক ও সাহসী পদক্ষেপে পরিচালিত হয়েছে অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযান। নদী ও জলাশয়ের প্রাণ ফিরিয়ে আনতে এবং মা মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে পৌরসভার খড়িয়া নদী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল, কড়া চাল এবং চায়না দোয়ারি চাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে কেউ অবৈধভাবে এগুলো ব্যবহার করার সুযোগ না পায়।
অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মচারী এবং ফুলপুর থানার পুলিশ প্রশাসন সক্রিয় সহযোগিতা প্রদান করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক দৃঢ় কণ্ঠে জানান, “মা মাছ রক্ষা ও মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। মাছের প্রজনন মৌসুমে কারেন্ট জালের ব্যবহার পুরোপুরি বন্ধে প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ নেবে।”
এছাড়াও অভিযানের সময় স্থানীয় জেলেদের মাঝে কারেন্ট জালের ক্ষতিকর প্রভাব, এর ফলে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়া এবং আইনগত শাস্তির বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সচেতনতা কার্যক্রমে অনেকে স্বেচ্ছায় তাদের কাছে থাকা অবৈধ জাল জমা দেন।
প্রশাসনের এ দৃঢ় অবস্থান ও মাঠপর্যায়ের কার্যকর তৎপরতা সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক অভিযান চলতে থাকলে ফুলপুরের নদী ও জলাশয় আবারও ফিরে পাবে আগের প্রাকৃতিক ভারসাম্য এবং জেলেদের জীবন-জীবিকায় আসবে ইতিবাচক পরিবর্তন।


















