
নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “নির্মম দমন-নিপীড়ন উপেক্ষা করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেও বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে অবিচল থেকে ইতিহাস সৃষ্টি করেছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কাছে তিনি কখনো মাথা নত করেননি।”
তিনি শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফিলটি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়।
এর আগে দুপুরে জুম্মার নামাজের পর শাকুয়াই বাজার জামে মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে একই বাজারে আদর্শ সমাজ কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সম্মাননা, আর্থিক সহযোগিতা প্রদান এবং শকুয়াই ইউনিয়নের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এবং পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান।
এমরান সালেহ প্রিন্স বলেন, “জিয়া পরিবার বাংলাদেশের জন্য আশীর্বাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আর তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছেন।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই ইতিহাসের সবচেয়ে কঠিন ও নিকৃষ্টতম ফ্যাসিবাদের পতন হয়েছে। তিনি দেশপ্রেম ও সততার প্রতীক, জাতীয়তাবাদী শক্তির হিরণ্ময় হাতিয়ার। ইতিহাস সৃষ্টিকারী এই দেশনেত্রী যুগে যুগে গণতন্ত্রের প্রেরণা হয়ে থাকবেন।”
প্রিন্স জানান, গুরুতর অসুস্থ হয়েও বেগম খালেদা জিয়া দেশ, জাতি ও গণতন্ত্র নিয়ে ভাবেন, দলের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। তাঁর পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নেন।
তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করতে।






















