ময়মনসিংহে প্রাইভেট পড়তে গিয়ে শিশুর ওপর হামলা, থানায় অভিযোগ

মোমেনা আক্তার সনিয়া, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন নাহার রোড এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক শিশুর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত শিশুর নাম মাহদি হাসান আদিব (৯)। তার বাবা মো. হারুন অর রশিদ (৪৮) কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত নাফিজ আহম্মেদ (৩২), পিতা রফিকুল ইসলাম, পূর্ব পরিচিত হওয়ায় পূর্ব থেকেই তাদের মাঝে নানা বিষয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে শিশু মাহদি যখন প্রাইভেট পড়তে যাচ্ছিল, তখন অভিযুক্ত ব্যক্তি সুইচ গিয়ার দিয়ে তার ডান হাতে আঘাত করে। এতে কাটা ও রক্তাক্ত জখম হয় শিশুটির।

শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত নাফিজ শিশুটিকে গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

আদিবের বাবা অভিযোগে উল্লেখ করেন, “আমার ছেলে রক্তাক্ত অবস্থায় ছিল। তখনই আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে আত্মীয়-স্বজন ও গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ দাখিল করি। অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত হিংস্র ও ভয়ংকর প্রকৃতির। সে আমাদের যে কোনো সময় বড় ক্ষতি করতে পারে।”

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *