মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত দুই পেশাদার চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১ মে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকার একটি বসতবাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার উপার্জিত ৩৫ লাখ টাকা গ্রামের বাড়িতে তার মায়ের শয়নকক্ষের স্টিলের ট্যাংকের ভেতরে সংরক্ষণ করেছিলেন। ঘটনার সময় তার মা প্রতিবেশীর বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ট্যাংকের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপার ময়মনসিংহের নির্দেশনায় এবং মুক্তাগাছা থানার ওসির তত্ত্বাবধানে একাধিক টিম অভিযান শুরু করে। প্রযুক্তির সহায়তা ও তথ্যপ্রযুক্তিভিত্তিক তদন্তের মাধ্যমে জড়িত থাকার অভিযোগে দুইজনকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মুক্তাগাছা উপজেলার বিরাশি মধ্যপাড়া এলাকার সৌরভ মিয়া (৩০) ও জনি (২৫)।
জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ময়মনসিংহ কোতোয়ালি থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া দুজন পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
চোরাই যাওয়া অবশিষ্ট টাকা ও অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *