মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ২৯ মামলার কুখ্যাত মোটরসাইকেল চোর ‘ফ্রিডম মানিক’সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা।
শুক্রবার (১৫ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সতিযা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত চোর মোস্তাফিজুর রহমান ওরফে ‘ফ্রিডম মানিক’ (৩৯)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলের রং পরিবর্তনকারী সোহেল মিয়া (২৩) এবং মোটরসাইকেলটি নিজ বাড়িতে রাখার অভিযোগে আশিক মিয়া (২৭)-কে গ্রেফতার করা হয়। একই অভিযানে চুরি হওয়া সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
তিনি জানান, গত ২৯ এপ্রিল বিকেলে আলামিন শরীফ সিফাত তার ব্যবহৃত নীল রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলটি নগরীর হেরা মার্কেটের সামনে পার্কিং করে মার্কেটের ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মোটরসাইকেলটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলের লক ভেঙে সেটি চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরপরই পিবিআই ময়মনসিংহ জেলা একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করে। তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এআই প্রযুক্তির সহায়তায় অস্পষ্ট ছবি বিশ্লেষণ করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও মোবাইল কললিস্ট বিশ্লেষণের মাধ্যমে কুখ্যাত চোর ‘ফ্রিডম মানিক’-এর সম্পৃক্ততা নিশ্চিত হয়।
পরে পিবিআইয়ের অভিযানে গৌরীপুরের সতিযা এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী শাহবাজপুর এলাকা থেকে সোহেলকে আটক এবং পালান্দর এলাকা থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দ্রুত সময়ে মোটরসাইকেল চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। এতে নগরীতে মোটরসাইকেল চুরি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশাবাদী।
গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
Bijoy71TV Bijoy71TV