
ঈশ্বরগঞ্জ থেকে উবায়দুল্লাহ রুমিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবুল কালাম (৬৮) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই মামাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম উপজেলার মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত আবুল কাসেম (৫৫) একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং নিহতের মামাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম সোহাগী বাজারে নিজের পুকুরের মাছ বিক্রি করে প্রায় ৪ লাখ টাকা সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে মমরেজপুর গ্রামের শেষ প্রান্তে আতকাপাড়া এলাকায় পৌঁছালে অভিযুক্ত আবুল কাসেম পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে আবুল কালাম গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ও অভিযুক্ত একই বাড়ির পাশাপাশি বসবাস করতেন এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত আবুল কাসেম পলাতক রয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















