
মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহের নান্দাইলে সংঘটিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অটোরিক্সা চালক মোঃ মোল্লা মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুললা্ আল মামুন জানান, গত ১৯ এপ্রিল রাতে ভিকটিম তার তিন বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের ভালুকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভুলবশত তিনি নান্দাইল এলাকায় নেমে পড়েন। রাত গভীর হওয়ায় সন্তানসহ রাস্তায় অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকলে অজ্ঞাতনামা একটি অটোরিক্সায় থাকা ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরবর্তীতে গাঙ্গাইল ইউনিয়নের একটি নির্জন হাওড় এলাকায় নিয়ে ওই দুর্বৃত্তরা রাতভর তাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভিকটিম চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা আল-আমিন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই ময়মনসিংহের পুলিশ সুপার দ্রুত আসামীদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা থেকে অটোরিক্সা চালক মোল্লা মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা।


















