মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সুজিত চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। তিনি উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডুোড়া গ্রামের মৃত রমেশ চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ জানায়, স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর সুজিত চন্দ্র সরকার প্রায় সাত বছর কারাভোগ করেন। পরে জামিনে বের হয়ে আদালতে নিয়মিত হাজিরা দেওয়া বন্ধ করে আত্মগোপনে চলে যান। দীর্ঘ প্রায় আট বছর ধরে তিনি পলাতক ছিলেন। আদালতে অনুপস্থিত থাকা ও নিয়মিত হাজিরা না দেওয়ায় বিচারিক প্রক্রিয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তারে তৎপর ছিল হালুয়াঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও তথ্য সংগ্রহের পর গতকাল বিকেলে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুজিত চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় আসামি আত্মগোপনে থাকার চেষ্টা করলেও পুলিশের কৌশলী অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়। দীর্ঘদিন পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরেছে বলেও জানিয়েছে স্থানীয়রা।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ফেরদৌ আলম বলেন, “পলাতক আসামিদের গ্রেপ্তারে হালুয়াঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Bijoy71TV Bijoy71TV