
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী উমর ফারুক বাদশা (৪৭) শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) আড়াই টার দিকে ফুলপুর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ফয়েস উদ্দিন (৪৫) আহত হন।
স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে আহত হন এবং পথচারী বাদশা গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নেন। সেখান থেকে বাদশাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়, তবে পরে তিনি মারা যান।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে ধাওয়া করে পিডিবি বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে মাইক্রোবাসসহ চালক বিল্লাল মিয়াকে (৪৭) আটক করে হাসপাতালে নিয়ে আসে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিল্লালকে গ্রেফতার ও গাড়িসহ থানায় নিয়ে যায়।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদী বলেন, “উত্তেজিত জনতার হাতে আটক মাইক্রোবাস চালককে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” তিনি আরও জানান, নিহত বাদশা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।






















