
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইজিবাইকচালক খোকন মিয়া (৫৫) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামকে বহিষ্কার করেছে সংগঠনটি।
শনিবার (৪ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ.কে.এম সোজা উদ্দিনের অনুমোদনে দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ায় তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতা-কর্মী তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখবেন না এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা ইজিবাইকচালক খোকন মিয়ার ওপর নৃশংস হামলা চালায়। হামলাকারীরা খোকনের বাম হাত কেটে ফেলে, মাথায় একাধিক কোপ দেয় এবং দুই পা ভেঙে থেঁতলে দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নিহতের ভাই বাদী হয়ে নৌবাহিনীর সদস্য বদর উদ্দিন আলসানি বাদল, মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় দুই আসামি সোহাগ মিয়া (২৫) ও জোসনা আক্তার বেলি (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।






















