গফরগাঁওয়ে নৌকাডুবির একদিন পর দুই শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার: নিহত বেড়ে ৩

মতিউর রহমান মতি গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একদিন আগের ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

বুধবার (২ জুলাই) সকালে পাগলা থানার টাংগাব ইউনিয়নের মহরখাঁ ঘাট এলাকা থেকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো—সাত বছর বয়সী জোবায়ের ও আরিফ। তারা মাদ্রাসায় পড়াশোনা করত। গত মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নদী পারাপারের সময় শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

নৌকাডুবির ঘটনায় আগেই মৃত্যু হয় শাপলা আক্তার (৯) নামে আরেক শিক্ষার্থীর। সে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, “মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একটি নৌকা দিয়ে শিক্ষার্থীরা নদী পার হচ্ছিল। মাঝনদীতে গিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও তিন শিশু নিখোঁজ হয়। পরে শাপলার মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে বাকি দুইজনের মরদেহ পাওয়া যায়।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, মহরখাঁ ঘাটে কোনো নিয়মিত ফেরি বা নিরাপদ নৌপরিবহনের ব্যবস্থা নেই। ঝুঁকিপূর্ণভাবে ছোট ছোট ডিঙ্গি নৌকায় প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা পারাপার হয়ে থাকে।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পরপরই উদ্ধার কাজ পরিচালনা করা হয় এবং পরবর্তী সময়ে নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকরা নিরাপদ নৌপথ নিশ্চিত করার দাবিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *