জনগণের দুর্ভোগ নয়, স্বস্তি নিশ্চিত করুন” জেলা প্রশাসক মুফিদুল আলম

তপু রায়হান রাব্বি স্টাফ রিপোর্টারঃ

“আমরা সবাই দায়িত্বশীল পদে রয়েছি। আপনারা যদি নিজ নিজ জায়গা থেকে আন্তরিক হয়ে কাজ করেন, তাহলেই ময়মনসিংহের মানুষ উপকৃত হবে। নইলে জনগণের দুর্ভোগ আর থামবে না।”

রবিবার (২২ জুন) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

তিনি বলেন, “দেশটা আমাদের সবার, কাজেই সবাই মিলে দেশের, জেলার এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে জনস্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পেতে হবে।”

সভায় জেলা প্রশাসক সরাসরি প্রশ্ন তোলেন—“শহরে যত্রতত্র গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে দৃশ্যমান পদক্ষেপ কেন নেই?” তিনি অবিলম্বে অভিযান পরিচালনা এবং শহর পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেন।

দুর্ঘটনাপ্রবণ এলাকা নিয়ে কড়া নির্দেশনা
তারাকান্দা ও ফুলপুর উপজেলার দুর্ঘটনাপ্রবণ পয়েন্টগুলোতে বারবার একই স্থানে সড়ক দুর্ঘটনা কেন ঘটছে—এই প্রশ্ন তুলে জেলা প্রশাসক দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন সড়ক ও জনপথ বিভাগকে। হাইওয়ে সড়কে জরুরি ভিত্তিতে গতিরোধক স্থাপন ও রংকরণ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

See also  তারাকান্দায় ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত যুবকের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট

ডেঙ্গু-করোনা সতর্কতায় জনসচেতনতার তাগিদ
সাম্প্রতিক সময়ে ডেঙ্গু ও করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “শুধু ওষুধ ছিটালেই হবে না, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। শহরের জলাবদ্ধতা নিরসনেও সিটি কর্পোরেশনকে আরও কার্যকর হতে হবে।”

সভায় জানানো হয়, অনুমতিবিহীন হাই-রাইজ ভবন শনাক্তের কাজ ইতোমধ্যেই শুরু করেছে সিটি কর্পোরেশন।

পরিবেশ রক্ষায় ক্ষতিকর গাছ কাটার নির্দেশনা
পরিবেশ রক্ষায় ইউকেলিপ্টাস ও আকাশমণি গাছ কর্তনে সরকারি প্রণোদনা পাওয়া যায়—এ তথ্য সভায় জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই গাছগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ।

See also  ঈশ্বরগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণে ছাত্রশিবিরের ব্যতিক্রম আয়োজন

শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্কিত নাম পরিবর্তনের উদ্যোগ
জেলা প্রশাসক শিক্ষা বিভাগকে বলেন, “স্কুল-কলেজের বিতর্কিত নামগুলো চিহ্নিত করে দ্রুত পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।”

প্রত্যেক দপ্তরকেই দায়িত্বশীল হতে হবে
সভায় জেলা প্রশাসক মুফিদুল আলম উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “একজন সাধারণ মানুষ যেন দপ্তরে এসে হয়রানির শিকার না হন, সেটা আপনাদের নিশ্চিত করতে হবে। দপ্তরের কাজ হবে জনসেবামুখী, জবাবদিহিমূলক এবং মানবিক।”

তিনি আরও বলেন, “আমরা নিজেরা বদলালেই বদলাবে ময়মনসিংহ। জনগণের কথা না ভেবে উন্নয়ন কোনো অর্থ বহন করে না।”

জেলার উন্নয়নের গতি বাড়াতে এই সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, সড়ক ও জনপথ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with