
স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া রোড ও বন্দর এলাকা আজ পরিণত হয়েছে অনলাইন জুয়া ও মাদকের দুর্নিবার আস্তানায়। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন প্রকাশ্যে চলছে কোটি টাকার জুয়ার কারবার ও মাদক ব্যবসা। স্থানীয়রা বলছেন—এ যেন আইনশৃঙ্খলার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ!
জানা যায়, গোয়াতলা বাজারে গড়ে ওঠা একাধিক সংঘবদ্ধ চক্র বিকাশ ও নগদ অ্যাপ ব্যবহার করে পরিচালনা করছে অনলাইন ক্রিকেট বেটিং, ক্যাসিনো গেম ও টাকা দ্বিগুণ করার প্রতারণা। এসব ফাঁদে পা দিয়ে বহু তরুণ সর্বস্বান্ত। জমি, গরু, এমনকি পরিবারের শেষ সঞ্চয় পর্যন্ত বিক্রি করে ফেলছে তারা।
এর পাশাপাশি, এই এলাকায় ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে মাদক ব্যবসা। ইয়াবা, গাঁজা ও ঘুমের ওষুধ শিশু-কিশোরদের হাতেও পৌঁছে যাচ্ছে। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায়ীদের অনেকেই প্রভাবশালী রাজনৈতিক ছায়ায় রীতিমতো ‘অপরাধী সম্রাটে’ পরিণত হয়েছে। ফলে ভয়ভীতি ও প্রভাবের কারণে মুখ খুলছেন না ভুক্তভোগীরা।
একজন ক্ষতিগ্রস্ত অভিভাবক বলেন, “আমার ছেলে আগে ভালো ছাত্র ছিল। এখন জুয়া আর নেশায় পড়ে সর্বনাশ করেছে। প্রশাসন কি অন্ধ হয়ে গেছে?”
এলাকার একাধিক শিক্ষিত নাগরিক সরাসরি প্রশ্ন তুলেছেন—”মাদকবিরোধী অভিযানের নামে শুধু ছবি তোলা আর নামমাত্র ধরপাকড় চললেও, এই ভয়ংকর চক্রগুলো থেকে যায় ধরাছোঁয়ার বাইরে কেন?”
এদিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে ভারতীয় পণ্য, মাদক ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় অনলাইন সহ ছোটখাটো মাদক ব্যবসায়ীরা। এখনই যদি কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে গোয়াতলার ভবিষ্যৎ শুধু অন্ধকার নয়, ধ্বংস অনিবার্য।
অবিলম্বে গোয়াতলা বাজারে মাদক ও জুয়ার আখড়াগুলো চিহ্নিত করে চিরুনি অভিযান চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। অন্যথায় এলাকাবাসী নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।


















