
মোঃ আব্দুল হক লিটনঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের সমর্থন পেলে বিএনপি আগামী নির্বাচনের পর অভিজ্ঞ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করবে।
আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী স্কুল এসোসিয়েশন (নন এমপিও) এর নব নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিন্স। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে নিয়েছে। পাবলিক পরীক্ষায় গণপাশ, উত্তরপত্রে গণহারে নম্বর প্রদানের কারণে জিপিএ ৫ এর বাম্পার ফলনেও প্রকৃত মেধা যাচাই সম্ভব হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষভিত্তিক কার্যক্রমের পরিবর্তে দিবস ও অনুষ্ঠান নির্ভর কার্যক্রম হয়ে গেছে। তাই পড়াশোনাভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, ২৪ জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছে। নির্বাচনের রোডম্যাপ আগামী রমজানের আগে ঘোষণা করা হবে। প্রিন্স শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে শিক্ষাকে জোরদার করার আহ্বান জানান।
আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নির্বাচনকে ব্যর্থ বা প্রশ্নবিদ্ধ করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বার্থান্বেষী মহল দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র করতে পারে। তাই সকলকে সতর্ক থাকতে হবে এবং সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ সবকিছুই নির্বাচনের ওপর নির্ভর করছে। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জন প্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানটি বেসরকারী স্কুল এসোসিয়েশন চেয়ারম্যান অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং মহাসচিব হযরত আহমেদ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী এবং জেলা-উপজেলা থেকে আগত অন্যান্য শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।






















