ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালত ও রাজপথে সংগ্রাম অব্যাহত থাকবে—ব্যারিস্টার কায়সার কামাল

মোঃ আব্দুল হক লিটনঃ

“জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হচ্ছে আইনের শাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের সংগঠন। দেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র হুমকির মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।”
শনিবার দুপুরে ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে আদালত ও রাজপথ—দুই ক্ষেত্রেই সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।”
তিনি আরও বলেন, “আইনজীবীরা শুধু পেশাজীবী নন, তাঁরা জাতির বিবেক। তাই গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য এখন সময়ের দাবি।

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার ইউনিটের এই দ্বি-বার্ষিক সম্মেলন।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মমরুজুল হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (১) আব্দুল জব্বার ভূঁইয়া; যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আলী, মোঃ সহিদুজ্জামান, মোঃ আব্দুল্লাহ আল মাহবুব; ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে.আর. খান পাঠান; সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা মুন্নি, এরশাদুল আলম জর্জ, মোঃ মাজহারুল ইসলাম বাবু, মোঃ জহিরুল হাসান মুকুল; দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাকসুদ উল্লাহ এবং সহ-প্রচার সম্পাদক মাসুদ রানা।

See also  ধোবাউড়ায় রাতজাগা অভিযান: অপরাধের লাগাম টেনে ধরলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

দ্বি-বার্ষিক এই সম্মেলনকে ঘিরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজে ভরপুর।
সকাল থেকেই শতাধিক আইনজীবী ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা ব্যানার নিয়ে প্রাঙ্গণে জড়ো হন। বার ভবনজুড়ে মুখর ছিল স্লোগান—
“আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা।”

সম্মেলনে বক্তারা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশের গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে সবসময় সোচ্চার ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের একদলীয় শাসনব্যবস্থায় ন্যায়বিচার ব্যাহত হচ্ছে উল্লেখ করে তাঁরা বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আদালতপাড়ায় সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।

বক্তারা আরও বলেন, জাতির গণতান্ত্রিক অর্জন রক্ষা করতে হলে আইনজীবীদের ঐক্য অটুট রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি নেতৃত্বাধীন গণআন্দোলন সফল করতে আইনজীবী সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে।

See also  ঈশ্বরগঞ্জে পুলিশে আসামী ধরায় ক্ষিপ্ত হয়ে বাদি পক্ষের বাড়িতে হামলা ভাংচুর

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ বার ইউনিটের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রথম প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম চৌধুরী।
অন্য প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.এইচ.এম. মাসুদুল আলম খান তান্না প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ও নিরলস তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলা এই ভোটগ্রহণে ভোটারদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

নির্বাচন চলাকালে ভোটারদের দীর্ঘ সারি, হাসিমুখে ভোট প্রদান এবং প্রার্থীদের শুভেচ্ছা বিনিময়ে পুরো বার ভবনজুড়ে ছিল নির্বাচনী আমেজ। কোথাও কোন ধরনের অভিযোগ বা অনিয়মের খবর পাওয়া যায়নি।
সুষ্ঠু, নিরপেক্ষ ও জাঁকজমকপূর্ণ এই নির্বাচনে মোট ৩০৫ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
সব মিলিয়ে গণতান্ত্রিক চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবারের নির্বাচন—যা ময়মনসিংহ বার ইউনিটের আইনজীবী সমাজে নতুন উদ্দীপনা যোগ করেছে।

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with