
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে হতদরিদ্র পরিবারের সন্তান, জন্মগত চোখের সমস্যায় ভুগছেন এমন এক শিক্ষার্থী—ফারজানা আক্তার (১৯) একটি সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার পক্ষ থেকে তার হাতে উপহার হিসেবে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
ফারজানা ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের দিনমজুর ফয়েজ উদ্দিন ও মুর্শিদা বেগমের বড় মেয়ে। বর্তমানে তিনি ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি লেখাপড়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখেন। ইতিমধ্যে সেলাই কাজের প্রশিক্ষণ সম্পন্ন করলেও একটি মেশিন না থাকায় স্বপ্নপূরণে বারবার বাধাগ্রস্ত হচ্ছিলেন।
অর্থকষ্টের মধ্যেও ফারজানা পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখে যাচ্ছেন। তার বড় ভাই বর্তমানে প্রবাসে থাকলেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন পার করছেন। ছোট বোনের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় সংসারে এখন অনেকটা ভার পড়েছে ফারজানার কাঁধে।
এই মানবিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। ইউএনও মহোদয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফারজানাকে একটি সেলাই মেশিন উপহার দেন।
সেলাই মেশিন হাতে পেয়ে ফারজানা বলেন,
“হয়তোবা এই মেশিন আমার ভাগ্যের পরিবর্তন এনে দেবে। এখন আমি লেখাপড়ার পাশাপাশি সেলাই ও টিউশনির মাধ্যমে নিজের খরচ চালাতে পারব।”
এই মানবিক উদ্যোগে সন্তুষ্ট ফারজানা ও তার পরিবার ইউএনও ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।






















