ফুলপুরে ‘সোনার মূর্তি’ খবরে হুলস্থুল, শেষে পিতলে প্রমাণ

ফুলপুরে ‘সোনার মূর্তি’ খবরে হুলস্থুল, শেষে পিতলে প্রমা

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ‘সোনার মূর্তি’ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের পরীক্ষায় সেটি সোনা নয়, বরং পিতলের বলে নিশ্চিত হওয়ায় হতাশা নেমে আসে কৌতূহলী জনমনে।

ঘটনাটি ঘটে ফুলপুর উপজেলার বেলটিয়া বালিয়া (চকপাড়া) গ্রামে। মৃত নুর হোসেন মাস্টারের ছেলে দেলোয়ার হোসেন মাস্টার (৬০) ঘর নির্মাণের জন্য শম্ভুগঞ্জ থেকে বিট বালু আনেন। নির্মাণকাজের সময় একই গ্রামের রাজমিস্ত্রি বিল্লাল হোসেন (৪০) হঠাৎ বালুর ভেতর একটি ছোট মূর্তি খুঁজে পান এবং তাৎক্ষণিকভাবে সেটি নিজ বাড়িতে নিয়ে যান।

পরে বিষয়টি জানতে পেরে ঘরের মালিক দেলোয়ার হোসেন মূর্তিটি তার কাছ থেকে নিয়ে নিজের হেফাজতে রাখেন। তবে খবর ছড়িয়ে পড়লে ‘সোনার মূর্তি’ পাওয়ার গুজবে পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ অবস্থায় সোমবার (৪ আগস্ট) বিষয়টি থানায় অবহিত করলে ফুলপুর থানার এএসআই (নি.) টিটু চন্দ্র দাস স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মূর্তিটি উদ্ধার করেন।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি জানান, মূর্তিটি পরীক্ষা করে দেখা গেছে, সেটি সোনা নয়, বরং সাধারণ পিতলের তৈরি। এছাড়া মূর্তির একটি হাত ভাঙা ও কিছু অংশে ক্ষয় রয়েছে।

উদ্ধার হওয়া মূর্তিটি থানায় সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, সোনার মূর্তি নিয়ে একদিনের জন্য হলেও গ্রামে সোনা পাওয়ার স্বপ্ন দেখেছিল অনেকে। তবে বাস্তবতা ফের তাদের মাটিতে নামিয়ে এনেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *