
নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন-তেন বা পাতানো নির্বাচনের পক্ষে নয়, বরং প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন চায়—এমনই দৃঢ় বার্তা দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। সাহস থাকলে রাজনৈতিক মাঠে নামুন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করুন। জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই শাসন করবে। ষড়যন্ত্র করে নয়, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে।”
শনিবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘অপপ্রচার করে নির্বাচন এড়াতে পারবেন না’
প্রিন্স আরও বলেন, “একটি মহল বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যাতে জনগণ বিভ্রান্ত হয়। কিন্তু জনগণ এখন সচেতন। অপপ্রচারে নয়, সত্য ও গণতন্ত্রের শক্তিতে বিএনপি এগিয়ে যাবে।”
তিনি অভিযোগ করে বলেন, “যারা জনগণের ভোটে ভয় পায়, তারাই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচনের সময়টিকে বিলম্বিত করতে চাইছে। কিন্তু দেশের মানুষ এখন আর কোনো ষড়যন্ত্র বরদাশত করবে না।”
প্রিন্স আরো বলেন, “যারা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্য দলের মুখাপেক্ষী, সীটের ভিক্ষুক, তাদের মুখে পাতানো নির্বাচনের ভয় দেখানো শোভা পায় না। বিএনপি লড়াইয়ে বিশ্বাস করে, ষড়যন্ত্রে নয়।”
সদস্য সংগ্রহে আহ্বান ও সতর্কবার্তা
হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেল মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবদুল আজিজ খাঁন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, সুলতান মহিউদ্দিন ও মনিরুজ্জামান স্বাধীন প্রমুখ।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, “ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিন। সদস্য নবায়ন ও নতুন অন্তর্ভুক্তির মাধ্যমে জনগণের সাথে সংগঠনের বন্ধন আরও দৃঢ় করুন। তবে সতর্ক থাকবেন—আওয়ামী দোসর ও সমাজবিরোধীদের দলে জায়গা দেওয়া যাবে না।”
তিনি দলের ৩১ দফা সংস্কার কর্মসূচি, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান।
বিএনপি মাঠে, কেউ পেছনে টানবে না
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সকালে ইউপি সদস্যদের ও বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড প্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
তিনি বলেন, “বিএনপি মাঠে আছে, থাকবে। কোনো ষড়যন্ত্র, কোনো অপপ্রচার কিংবা ভয় দেখিয়ে এই আন্দোলন আর থামানো যাবে না।”
এই বক্তব্য ও কর্মসূচির মধ্য দিয়ে স্পষ্ট যে, বিএনপি নির্বাচনী মাঠে প্রস্তুতি জোরদার করছে এবং সরকারবিরোধী জোটবদ্ধতা গড়ে তোলার পাশাপাশি তৃণমূলকে সংগঠিত করায় মনোযোগী হচ্ছে। এমরান সালেহ প্রিন্সের এই বক্তব্য দলের রাজনৈতিক বার্তা আরও তীব্র ও সাহসী করে তুলেছে।






















