
তপু রায়হান রাব্বি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদর ইউনিয়নের তৃণমূল সম্মেলন।
শনিবার (৫ জুলাই) বিকেলে কাজিয়াকান্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা যায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম। তিনি বলেন,
“ফুলপুরে দুই দশকের বেশি সময় পর এই সম্মেলন বিএনপির সাংগঠনিক জাগরণের বড় নিদর্শন। এখান থেকেই আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের ভিত মজবুত হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
তিনি বলেন, “এই সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়েছে, দমন-পীড়ন উপেক্ষা করে বিএনপির তৃণমূল আজও ঐক্যবদ্ধ। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, রোকনুজ্জামান রোকন, পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হকসহ আরও অনেকে।
দীর্ঘদিন পর তৃণমূল পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে একধরনের আত্মবিশ্বাস ফিরে এসেছে বলে জানান স্থানীয় পর্যবেক্ষকরা। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সকলে।






















