
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান শিক্ষকদের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং পাঠদানকে আরও প্রাণবন্ত ও শিক্ষার্থীবান্ধব করার উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকী।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয় জাতির ভবিষ্যৎ প্রজন্ম তৈরির প্রধান ভিত্তি। তাই শিক্ষকরা যেন আন্তরিকতা, নিষ্ঠা ও আধুনিক শিক্ষণপদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও মূল্যবোধে গড়ে তোলেন, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রম উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।
Bijoy71 TV Bijoy71 TV