ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন পিবিআই

মোঃ আব্দুল হক লিটনঃ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস—বাঙালির ইতিহাসে গৌরব, ত্যাগ ও স্বাধীনতার এক অবিস্মরণীয় দিন। দিনটি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে পিবিআই ময়মনসিংহ জেলা পুলিশ।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ভোরে পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার ময়মনসিংহ শহরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা–বোনদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পিবিআই ময়মনসিংহ ইউনিটের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই পিবিআই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে অপরাধ দমন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পিবিআই সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

দিবসটি উপলক্ষে পিবিআই ময়মনসিংহ জেলার পক্ষ থেকে মহান বিজয়ের চেতনাকে ধারণ করে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *