
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার পাগলা থানার আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মো: আলামিন (৩০)কে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
র্যাব সূত্রে জানা যায়, আসামী আলামিন দীর্ঘদিন ধরে ময়মনসিংহের পাগলা থানাধীন বাগবাড়ী এলাকার আল মদিনা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিল। অভিযোগ অনুযায়ী, কুরআন শিক্ষার আড়ালে সে একাধিকবার ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করে। ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পাগলা থানায় মামলা দায়ের করা হলে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে।
গোপন তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৫ তারিখ রাত ১২টা ৫ মিনিটে র্যাব-১৪ এর আভিযানিক দল, সদর কোম্পানি র্যাব-৯ সিলেটের সহযোগিতায় এসএমপি সিলেটের সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মো: আলামিনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।






















