এস এম বাবর, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি নীল রঙের পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির ভেতর থেকে ৫৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি ও ভদকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন— রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলম ও তানজিমুল মন্ডল এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সাইদুল ইসলাম।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় মদ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Bijoy71TV Bijoy71TV