
মোঃ আব্দুল হক লিটনঃ
হালুয়াঘাটে বিএনপি-সমর্থিত ইউপি সদস্যদের মতবিনিময় সভায় আওয়ামী শাসনের বিরুদ্ধে তীব্র অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যরা আওয়ামী লীগের ক্ষমতার দম্ভ ও দখলদারির কারণে জনগণের কল্যাণে কাজ করতে পারেননি। আওয়ামী লীগ স্থানীয় সরকার ব্যবস্থাকে ফাঁদে ফেলে গণতন্ত্র ধ্বংস করেছে।
“স্থানীয় সরকার হলো জনগণের শাসনের মূল ভিত্তি। অথচ আওয়ামী লীগ সেটিকেই ব্যবহার করেছে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যন্ত্র হিসেবে। এটাই আওয়ামী কৌশল—ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণের প্রতিনিধি ব্যবস্থাকে অবমূল্যায়ন করা।”
শুক্রবার সকালে হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি-সমর্থিত পুরুষ ও মহিলা ইউপি সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা ইউপি মেম্বারস অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুল ইসলাম।
“যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, তারা কীভাবে কাজ করবেন, যখন ক্ষমতা চলে যায় স্থানীয় আওয়ামী ক্যাডারদের হাতে? প্রশাসন ছিল মেরুদণ্ডহীন, স্থানীয় সরকার পরিণত হয়েছিল এক দুঃসহ জিম্মিদশার চিত্রে।”
“আওয়ামী লীগ স্থানীয় সরকার ব্যবস্থাকে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। চেয়ারম্যান-মেম্বাররা প্রশাসনের সহায়তা তো দূরের কথা, নিজের ইউনিয়নে চলাফেরা করতেই ভয় পেতেন।”
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত, জবাবদিহিমূলক এবং কার্যকরভাবে জনগণের সেবায় নিয়োজিত রাখবে।
আপনারা মাঠে থাকবেন জনগণের পাশে, আর আমরা কেন্দ্র থেকে আপনাদের ক্ষমতায়ন করবো—এটাই বিএনপির রূপরেখা।
দুঃসময় পেরিয়ে এসেছেন, এবার দায়িত্ব পালনে মনোনিবেশ করুন। জনগণের আস্থা ফিরিয়ে আনুন এবং বিএনপির কর্মসূচি ছড়িয়ে দিন ঘরে ঘরে।”
সভায় তিনি তারেক রহমান ঘোষিত ভবিষ্যৎ সরকারের কর্মসূচিগুলো তুলে ধরে বলেন—
ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারভাতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনকল্যাণমূলক উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে পৌঁছে দিতে ইউপি সদস্যরাই হবেন বিএনপির মূল বাহক।
সভায় আরও বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, সাবেক চেয়ারম্যান আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, ইঊনূস খান, মোনায়েম হোসেন খানসহ অন্যান্য নেতাকর্মীগণ।
ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য দেন—
ভুবনকুড়ার আজিজুল হক, রাশিদা আক্তার; জুগলীর আবু তালেব; সদর ইউনিয়নের জাহাঙ্গীর আলম; গাজীরভিটা ইউনিয়নের নাজমা খাতুন; শকুয়াইয়ের বিল্লাল হোসেন; ধুরাইলের আবুল হাশেম ও মনোয়ারা বেগম এবং স্বদেশীর নিজাম উদ্দিন।
প্রিন্স বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড নেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সন্ধ্যায় ইমেক্স হোটেল মিলনায়তনে পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের উদ্বোধন এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Bijoy71 TV Bijoy71 TV