হালুয়াঘাটে ইজারার নামে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি ইউএনওর

হালুয়াঘাটে ইজারার নামে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি ইউএনওর

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে ইজারার নামে রশিদ দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি তালিকা ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায়—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিনুর খান স্পষ্ট করে জানিয়েছেন, এই তালিকাটি ভুয়া, এবং এই তালিকার ভিত্তিতে টাকা আদায় সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

ইউএনও আলিনুর খান বলেন,
“আমার পক্ষ থেকে কোনো যানবাহনের নির্ধারিত হারে অর্থ আদায়ের তালিকা প্রকাশ করা হয়নি। যে তালিকাটি ছড়ানো হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া। এই তালিকার ভিত্তিতে কেউ টাকা আদায় করলে, তা হবে অবৈধ ও আইনগতভাবে শাস্তিযোগ্য।”

See also  হালুয়াঘাটে আসামী ধরতে গিয়ে খামারের ১০ গরু জব্দ, অবহেলায় তিনটির মৃত্যু, নিঃস্ব পরিবার

“ইজারা নিয়ে কেউ নিজের খেয়ালখুশি মতো হারে টাকা তুলতে পারে না। বৈধ রশিদ থাকা সত্ত্বেও নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো হার কার্যকর করা যাবে না। যারা এই ভুয়া তালিকা ব্যবহার করে টাকা তুলছে, তারা অপরাধ করছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ইউএনও আরো বলেন,
“এই ধরনের ভুয়া তালিকার ভিত্তিতে টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করুন অথবা উপজেলা প্রশাসনকে জানান। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখছি।”

এদিকে ভুয়া তালিকা নিয়ে ইতোমধ্যেই চালকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছিল। তবে ইউএনও’র সুস্পষ্ট ব্যাখ্যার পর তারা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন। স্থানীয় একজন চালক বলেন,
“তালিকা দেখে অনেকেই জোর করে টাকা নিচ্ছিল। এখন বুঝতে পারছি যে, সেটাই ভুয়া ছিল। প্রশাসনের উচিত এসব চাঁদাবাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।”

See also  র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে ৫ বছর ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে সংশ্লিষ্ট বাজার, স্ট্যান্ড ও টোল পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার প্রস্তুতিও নেওয়া হবে।

কোনো ব্যক্তি বা ইজারাদার যদি ভুয়া তালিকার ভিত্তিতে টাকা আদায়ের চেষ্টা করে, দয়া করে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ অবহিত করুন।

.

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with