
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের তিন সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাদশা, হালুয়াঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. আলী হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. সুজন মিয়া।
শনিবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রোববার (২১ জুলাই) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
হালুয়াঘাট থানার কর্মকর্তা হাফিজুল ইসলাম জানান, ২০২৪ সালের ৩১ জানুয়ারি রাতে উপজেলার দর্শাপাড় ব্রিজ এলাকায় একটি সংঘবদ্ধ দল রাজনৈতিক স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। অভিযুক্তরা রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টের চেষ্টার পাশাপাশি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম প্রচার ও অর্থ সরবরাহে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পর মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার দেখায়।
“সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।






















