
নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আবারও নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল সংঘাত ও বিভ্রান্তির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো পাল্টে দিয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতার ভাগ নেওয়ারও অপতৎপরতায় লিপ্ত রয়েছে।
সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের বনগ্রাম বাজারে আয়োজিত বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, একটি মহল লন্ডনে কিছু দলের নেতাদের সঙ্গে বৈঠক করে নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। তারা একদিকে উত্তেজনামূলক ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে, অন্যদিকে নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলাটে করছে।
তিনি বলেন, “যদি জনগণের প্রতি আস্থা থাকে, তবে নির্বাচনের পথেই আসতে হবে। নবীন দলের নেতারা গণভবন ঘুরে এসে সংসদ জয় করতে চেয়েছেন—তাদের স্বাগত—but সংসদ জয় করতে হলে জনগণের রায়ের মাধ্যমেই করতে হবে। মব করে সংসদ দখলের দিন শেষ।”
ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছরের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না। আমরা জনগণের পালস বুঝে রাজনীতি করি। কারও উদ্দেশ্যমূলক এজেন্ডা আমরা মানব না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের নামে যে পদ্ধতিতে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, সেটির পৃষ্ঠপোষকদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তারা নির্বাচন ঠেকাতে চায়, যাতে নির্ধারিত কৌশলে আসন বাগিয়ে নেওয়া যায়।”
এসময় তিনি আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে।”
তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে পরিষ্কার রূপরেখা দিয়েছেন। সেই কর্মসূচিগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে এ কাজ করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, “আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে, বিএনপি সে পথে হাঁটবে না। জনগণের কল্যাণ ও দেশের স্বার্থে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি দায়িত্বশীল ও স্বচ্ছ সরকার গঠনের প্রত্যয় নিয়েই প্রস্তুতি নিচ্ছি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান তালুকদার খোকন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য শহীদুল হক খান সুজন, আবুল কালাম প্রমুখ।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।
সমাবেশের আগে বিএনপি নেতারা বিলডোরা ইউনিয়নের ঔটি গ্রামে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান বিচারপতি টি এইচ খাঁনের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।


















