তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনায় পুরো এলাকা স্তব্ধ। প্রতিবেশী হৃদয় মিয়া নামে এক যুবককে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারী মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন, তার পরিবারও দুশ্চিন্তায় নিমজ্জিত।
ঘটনার দিন রাত আড়াইটার দিকে বৃদ্ধা নারী একাকী ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ করে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ হয়ে ঘর অন্ধকারে ডুবে যায়। অটোলাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে হৃদয় মিয়া হঠাৎ ঘরে প্রবেশ করেন। মুখে বালিশ চাপিয়ে তাকে চেপে ধরে, জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের সময় ভিকটিমকে বলেছিলেন, কেউ কিছু বললে প্রাণে মেরে ফেলবে।
এই নিষ্ঠুর ঘটনার পর ভিকটিম দীর্ঘক্ষণ আতঙ্কে কাঁপছিলেন, শারীরিক ও মানসিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। পরে তার বোনকে সব খুলে বললে তিনি দ্রুত পুলিশে খবর দেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন।
ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি জানান, ‘অভিযুক্ত হৃদয় মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা বলেন, “একজন বৃদ্ধা মায়ের ওপর এ ধরনের নৃশংস অপরাধ মানতে পারছি না। বিচার যেন দ্রুত হয়, যেন ভবিষ্যতে কেউ এমন অন্যায় করতে সাহস না পায়।”
ঘটনাটি এলাকাবাসীর মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তারা সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানান।
মানুষের নিরাপত্তা ও সম্মানের জন্য এখনই কঠোর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি বলে মনে করছেন সবাই। ফুলপুরের এই ঘটনা যেন অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়ায়।











