
মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এই ঘোষণার পর থেকেই হালুয়াঘাট ও ধোবাউড়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আনন্দে ভাসছে দলের নেতা-কর্মীরা।
দলীয় কার্যালয় ঘিরে এখন যেন এক উৎসবমুখর পরিবেশ। কেউ ফুলের তোড়া সাজাচ্ছেন, কেউ আবার ব্যানার-পোস্টার লাগাচ্ছেন প্রিয় নেতাকে বরণের প্রস্তুতিতে। অপেক্ষায়, কবে প্রিন্স তাদের মাঝে এসে দাঁড়াবেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আসলাম মিয়া বাবুল বলেন,
“দলীয় মনোনয়নে প্রিন্স ভাইয়ের নাম ঘোষণার পর সারা এলাকায় এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তিনি আমাদের প্রেরণা ও আশার প্রতীক। নেতাকর্মীরা এখন শুধু অপেক্ষা করছে, কখন প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেবে।
দীর্ঘদিন ধরেই সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট ও ধোবাউড়ার মাঠে-ময়দানে দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। দলীয় কর্মসূচিতে তাঁর উপস্থিতি, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণে তিনি স্থানীয় রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেছেন।
নেতাকর্মীরা বলছেন, প্রিন্স ভাই শুধু একজন নেতা নন, তিনি তরুণ প্রজন্মের ভরসার প্রতীক। মনোনয়ন ঘোষণার পর থেকেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে দলীয় কর্মীদের বৈঠক, প্রচার-প্রস্তুতি ও কৌশল নির্ধারণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে অভিনন্দনের বন্যা। অনেকেই নিজের প্রোফাইল ছবি বদলে দিয়েছেন প্রিন্সের ছবি দিয়ে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন,
“আমরা বিশ্বাস করি, প্রিন্স ভাইয়ের নেতৃত্বে এবার হালুয়াঘাট-ধোবাউড়া আসনে ধানের শীষের জয় নিশ্চিত হবে। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন তিনিই।
মাঠপর্যায়ে এই উচ্ছ্বাস বিএনপি নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করেছে। দলীয় সূত্র জানায়, আজই প্রিন্স নিজ এলাকায় দলীয় কার্যালয়ে পৌঁছাবেন। আর শুরু হবে ফুলেল শুভেচ্ছা, মিছিল, স্লোগান ও সংবর্ধনার ঢল।
একই সঙ্গে রাজনৈতিক মহলও বলছে, দীর্ঘ সময় পর বিএনপির এমন প্রাণবন্ত আবহ হালুয়াঘাট ও ধোবাউড়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।






















