
নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “শ্রী কৃষ্ণের আদর্শ অনুস্মরণ করে সমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে হবে। শ্রী কৃষ্ণের মতো দুষ্টদের বধ করে পৃথিবীকে পাপমুক্ত রাখতে হবে।”
শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর খোয়র কুড়ি রাধা গোবিন্দ মন্দিরে হালুয়াঘাট সনাতন যুব সংগঠন আয়োজিত জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন যুব সংগঠনের আহ্বায়ক সঞ্জয় কুমার সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রভাকর সরকার। এতে উপস্থিত ছিলেন—হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটনসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আর নিলু, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসিফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা পূর্ব আলোচনায় এমরান সালেহ প্রিন্স বলেন, “সকল ধর্মের মর্মবাণী হচ্ছে সম্প্রীতি, মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা। যুগে যুগে ধর্মপ্রচারকগণ মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। শ্রী কৃষ্ণ পাপীদের দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও মানবসমাজের ওপর গভীর প্রভাব বিস্তার করছে।”
তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও স্বাধীনতায় বিশ্বাস করে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে অটল থেকে বিএনপি বাংলাদেশকে বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করবে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে দলীয় সম্পদ ও নোংরা রাজনৈতিক খেলার কার্ডে পরিণত করেছিল। এতে তাদের সাময়িক লাভ হলেও হিন্দু সম্প্রদায়ের অপূরণীয় ক্ষতি হয়েছে।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আওয়ামী লীগের দাবার গুটি হবেন না। বিএনপি আপনাদের স্বাধীনভাবে ধর্মকর্ম ও রাজনীতি করার অধিকার দেবে, কিন্তু রাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করবে না। আপনারা স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিন, বিএনপি আপনাদের সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করবে।”


















